পশ্চিমবঙ্গে প্রথম কার্যালয় খুলল বিজয়ের দল টিভিকে

পশ্চিমবঙ্গে প্রথম কার্যালয় খুলল বিজয়ের দল টিভিকে
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ থালাপতি বিজয়। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বাজিমাত করে সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গে অফিস খুলেছে চিত্রনায়ক থেকে নেতা বনে যাওয়া থালাপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেটরি কাজাগম’ (টিভিকে)।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, রোববার পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের ফাগুপুরে টিভিকের প্রথম দলীয় কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন দলটির পশ্চিমবঙ্গ রাজ্য আহ্বায়ক চৈতালি রায়সহ বিভিন্ন জেলার শীর্ষ নেতারা।

টিভিকে নেতারা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে আপাতত সরাসরি রাজনৈতিক কর্মসূচির বদলে সামাজিক নানা কাজের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছানো তাদের মূল লক্ষ্য। সংগঠনের পরিধি বাড়ানোর পাশাপাশি মানুষের সঙ্গে সরাসরি নিবিড় যোগাযোগ তৈরি করতে বিভিন্ন জনকল্যাণমুখী কর্মকাণ্ডে জোর দেওয়া হবে।

টিভিকের পশ্চিমবঙ্গের আহ্বায়ক চৈতালি রায় বলেন, ‘প্রাথমিক ধাপে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমাদের নীতি ও বার্তা প্রচার করব। এরপর সাধারণ মানুষের দৈনন্দিন অভাব-অভিযোগ ও সমস্যা শোনার জন্য সরাসরি জনসংযোগে জোর দেব। আমাদের মূল লক্ষ্য হলো সবার জন্য গুণগত শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ সুনিশ্চিত করা।’

নির্বাচনী পরিকল্পনা নিয়ে তিনি আরও বলেন, ‘আমরা চাই টিভিকে আগামী দিনে নির্বাচনী ময়দানে লড়াই করুক, তবে তার পুরোটা নির্ভর করছে সাধারণ মানুষ ঠিক কী চাইছেন তার ওপর। আর শেষ পর্যন্ত আমরা কোন ভোটে লড়াইয়ের ময়দানে নামব, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধন্ত নেবেন আমাদের দলের শীর্ষ নেতৃত্বই।’

আরও পড়ুন

তিনি জানান, তামিলনাড়ুর কেন্দ্রীয় নেতৃত্ব থেকে সরাসরি সবুজ সংকেত পাওয়ার পর পশ্চিমবঙ্গজুড়ে টিভিকের সংগঠন সাজানোর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে।

দক্ষিণের এই জনপ্রিয় তারকা-রাজনীতিক বিজয়কে বাংলায় দেখতে পাওয়া যাবে কি না–এমন প্রশ্নে চৈতালি জানান, বিজয়ের সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে বঙ্গভূমে টিভিকে শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠিত হতে পারলে নিশ্চয়ই তিনি বাংলায় ছুটে আসবেন। ফাগুপুরে দলীয় কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে টিভিকের কার্যক্রমের গতি বাড়বে বলে মনে করছেন দলীয় নেতারা।

সিনেমাজগতে আকাশচুম্বী জনপ্রিয় বিজয়ের প্রভাব যে কেবল রুপালি পর্দাতেই সীমাবদ্ধ নয়, তা রাজনীতিতে নেমে প্রমাণ করেছেন তিনি। তামিলনাড়ুর সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে অভাবনীয় সাফল্য অর্জন করে একক বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে বিজয়ের দল টিভিকে। তামিল ভূমে একাই ১০৮টি আসনে জয়লাভ করে তারা, যদিও সামান্য কিছু ব্যবধানের জন্য একক সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি তারা। অন্যদিকে দীর্ঘদিন ধরে চলা বিরোধী কংগ্রেস-ডিএমকে জোটের ঝুলিতে যায় ৭৩টি আসন এবং এআইএডিএমকে জোট লাভ করে ৫২টি আসন।

পরবর্তীতে তামিলনাড়ুর রাজনৈতিক দৃশ্যপট বদলে যায়, যখন কংগ্রেস নিজেদের পুরোনো সঙ্গী ডিএমকের হাত ছেড়ে সরকার গঠনের লক্ষ্যে সরাসরি বিজয় ও তার দল টিভিকেকে সমর্থন জানানোর ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। পাশাপাশি বিদুথালাই চিরুথাইগাল কাচি (ভিসিকে), সিপিআইএম, সিপিআই এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের (আইইউএমএল) মতো একাধিক হেভিওয়েট দল বিজয়ের ওপর আস্থা রেখে সমর্থন বাড়ায়। দক্ষিণ ভারতের সেই অভাবনীয় জয়ের তরঙ্গে ভর করেই এবার ধীরে ধীরে পশ্চিমবঙ্গেও নিজেদের সাংগঠনিক জাল বুনতে শুরু করল টিভিকে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad