কানাডার কুইবেকে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৪

কানাডার কুইবেকে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৪
মন্ট্রিয়ল থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সাঁ-ব্রিজিদ-দ্য-লাভাল এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কানাডার কুইবেক প্রদেশে একটি ব্যক্তিমালিকানাধীন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ চারজন নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় দুপুরের পর মন্ট্রিয়ল থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সাঁ-ব্রিজিদ-দ্য-লাভাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুইবেক প্রাদেশিক পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার আগে হেলিকপ্টারটিতে কোনো ধরনের সমস্যা দেখা দিয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে হেলিকপ্টারটিতে আগুন জ্বলতে দেখা যায়।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও হেলিকপ্টারে থাকা চারজনকেই ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়।

পরিবারের সদস্য ও স্বজনদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত তিন যাত্রীর পরিচয় প্রকাশ করা হয়। তারা হলেন চানতাল রেমন্ড, তার ছেলে লুকাস পেরিয়লট এবং জামাতা গ্যাব্রিয়েল জাসমিন। জাসমিন শেরব্রুকের একটি রেডিও স্টেশনে উপস্থাপক হিসেবে কাজ করতেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চানতাল রেমন্ডের জন্মদিন উদযাপন উপলক্ষে তারা হেলিকপ্টারে ভ্রমণে বেরিয়েছিলেন।

আরও পড়ুন

নিহত চতুর্থ ব্যক্তি ছিলেন হেলিকপ্টারের পাইলট ৫০ বছর বয়সী সুজানী জুটরাছ। তিনি বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজনে হেলিকপ্টার ভ্রমণ পরিচালনা করতেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর তদন্তকারী কর্মকর্তারা হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পরীক্ষা করছেন। দুর্ঘটনার আগে ঠিক কী ঘটেছিল এবং কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে এখনো দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। হেলিকপ্টারটি আকাশে থাকা অবস্থায় আগুন ধরেছিল, নাকি মাটিতে বিধ্বস্ত হওয়ার পর আগুনের সূত্রপাত হয়েছিল—এ বিষয়টিও তদন্তাধীন।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন কানাডার পরিবহনমন্ত্রী স্টিফেন ম্যাককিনন। তিনি বলেন, বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। পরিবহন মন্ত্রণালয় দুর্ঘটনার তদন্তের অগ্রগতিও পর্যবেক্ষণ করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad