খুলনার পূর্ব রূপসায় মাছের ঘের থেকে মো. বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩২) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের মোমিনবাগ এলাকার বিপ্লব পালের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বাপ্পি আলাইপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুখ বলেন, ‘সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় জরুরি সেবার মাধ্যমে আমরা লাশের সংবাদ পাই। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের ঘাড়ের ডান পাশের কাঁধে দু’টি গুলির চিহ্ন এবং কপাল ও মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।’
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. আব্দুস সবুর বলেন, বাপ্পির বাড়ি আলাইপুরে হলেও তার কোনো স্থায়ী ঠিকানা নেই। তার পূর্বের ইতিহাস ভালো না। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক অভিযোগ রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত করছি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালাচ্ছে।


