জঙ্গি আখ্যা দিয়ে ২০১৬ সালে গাজীপুরে সাত যুবককে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক আইজিপি একেএম শহিদুল হক ও মোহাম্মদ জাবেদ পাটোয়ারিসহ ১০ জনের বিরুদ্ধে ৬ অক্টোবর অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে।
আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ২৭ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করে। প্রসিকিউশনের পক্ষে আদালতে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ।
প্রসিকিউশনের দাবি, দেশের বিভিন্ন স্থান থেকে আটক সাত জনকে ২০১৬ সালের ৮ অক্টোবর গাজীপুরের একটা বাড়িতে নিয়ে তাদের গুলি করে হত্যা করা হয়।
বলা হয়, তারা জঙ্গি ছিল। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তে বের হয়েছে, সেই সাতজন ব্যক্তিকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় গ্রেপ্তার করা হয়েছিল, তাদের দীর্ঘদিন গুম করে রাখা হয়েছিল। পরবর্তীতে তাদের এভাবে গুলি করে হত্যা করা হয়।
নিহত সাতজনের মধ্যে অন্যতম ছিলেন ইবরাহীম, যিনি যাত্রাবাড়ীর একটি মাদরাসায় লেখাপড়া করতেন। জুলাই গণঅভ্যুত্থানের পর তার বাবা ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ছেলেকে বিচারবহির্ভূতভাবে গুমসহ হত্যার অভিযোগ দায়ের করেন। তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশনে প্রতিবেদন দাখিল করে।
সেই প্রতিবেদন যাচাই-বাছাই করে গত ৩ ফেব্রুয়ারি পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি একেএম শহিদুল হক ও মোহাম্মদ জাবেদ পাটোয়ারিসহ ১০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। জঙ্গি আখ্যা দিয়ে গাজীপুরে সাত যুবককে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে প্রসিকিউশনের দাবি।
এ ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তা মো. আছাদুজ্জামান মিয়া, মো. মনিরুল ইসলাম, হারুন অর রশিদকেও অভিযুক্ত করা হয়েছে। বর্তমানে এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন শহীদুল হক ও আছাদুজ্জামান মিয়া।


