রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহমেদ (৫১) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বেকার এবং মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন বলে পরিবারের বরাতে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
মৃতদেহের সুরতহাল প্রতিবেদনে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) এস. এম আব্দুল গফুর উল্লেখ করেন, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে সকালে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পিছনে ব্রিজের নিচে লেকের পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করা হয়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
প্রাথমিক তদন্তে এসআই আরও উল্লেখ করেন, তার পকেটে থাকা জাতীয় পরিচয় পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত হয়। পরে তার স্ত্রী শাহানা জাবিন খান ঘটনাস্থলে এসে তার পরিচয় নিশ্চিত করেন। তার পরিবার জানিয়েছে, তিনি দীর্ঘদিন যাবৎ বেকার ছিলেন এবং আর্থিক অভাব অনটনের কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
স্বজনরা জানান, জাভেদের বাবার নাম সালাহউদ্দিন আহমেদ। তিনি থাকতেন বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে।
ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন জানান, জাভেদের স্ত্রী শাহানা জাবিন খান তাদেরকে জানিয়েছেন, গত পরশু বিকেলে ধানমন্ডি যাওয়ার কথা বলে বসুন্ধরার বাসা থেকে বের হয়েছিলেন তিনি। এরপর আর বাসায় ফেরেননি। পরিবার ভাটারা থানায় নিখোঁজের ডায়েরি করেন।
জাভেদ আহমেদ একটি কোম্পানীর মার্কেটিংয়ে চাকরি করলেও গত ৬ মাস ধরে চাকরি নাই। এরমধ্যে ঋণগ্রস্ত হয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ধারণা করা হচ্ছে এসব বিষয় নিয়ে ধানমন্ডির লেকের পানিতে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে, বলেন তিনি।


