কানাডার বেলভিলে সিনাগগের বাইরে গুলি, পুলিশসহ আহত ২

কানাডার বেলভিলে সিনাগগের বাইরে গুলি, পুলিশসহ আহত ২
সন্স অব জ্যাকব সিনাগগ। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

কানাডার অন্টারিওর বেলভিলে শহরে ‘ইয়ম কিপুর’ উপলক্ষে প্রার্থনার সময় ‘সন্স অব জ্যাকব সিনাগগ’-এর বাইরে গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা প্রায় ৭টার দিকে এ ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা ও ২৯ বছর বয়সী এক সন্দেহভাজন গুলিবিদ্ধ হয়েছেন। দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্টারিওর স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট (এসআইইউ) জানিয়েছে, ভিক্টোরিয়া এভিনিউ ও ব্রেকার এভিনিউ’র কাছে সিনাগগের বাইরে দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তার দিকে শটগান উঁচিয়ে গুলি চালান এক ব্যক্তি। এ সময় ওই পুলিশ কর্মকর্তাও পাল্টা গুলি চালান এবং পরে ঘটনাস্থলে আসা আরেক পুলিশ কর্মকর্তাও গুলি করেন। এতে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এবং সন্দেহভাজন ব্যক্তি গুলিবিদ্ধ হন।

আহত পুলিশ কর্মকর্তা কনস্টেবল জেফ স্মিথ বেলভিলে পুলিশ সার্ভিসে ১৩ বছর ধরে কর্মরত আছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, ২৯ বছর বয়সী শন ওয়ার্ড, কুইন্টি ওয়েস্টের বাসিন্দা। এবং তিনি এখন সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

গোলাগুলির ঘটনার সময় সিনাগগের ভেতরে ইয়ম কিপুরে প্রার্থনার জন্য প্রায় ২৫ জন মানুষ জড়ো হয়েছিলেন। গুলির শব্দ শুনে তারা মেঝেতে শুয়ে পড়েন এবং দরজা বন্ধ করে নিজেদের নিরাপদ রাখার চেষ্টা করেন। সিনাগগের সভাপতি নরম্যান ওয়েডাম জানিয়েছেন, গুলির সময় কয়েকটি গুলি ভবনের জানালার দিকে এসে লাগে। তবে ভেতরে থাকা কোনো উপাসনাকারী এতে আহত হননি।

আরও পড়ুন

গোলাগুলির ঘটনার পর সিনাগগের বাইরে পুলিশি প্রহরা। ছবি: সৌজন্যে

এসআইইউ’র প্রাথমিক তথ্য অনুযায়ী, এ ঘটনায় প্রায় ২০ থেকে ৩০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে। আশপাশের কয়েকটি বাড়ি, গাড়ি ও অন্যান্য স্থাপনায় গুলির চিহ্ন পাওয়া গেছে।

এই হামলায় সিনাগগ বা ইহুদি সম্প্রদায়কেই সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ। তবে ইয়ম কিপুরের প্রার্থনার সময় সিনাগগের কাছেই এ ধরনের গোলাগুলির ঘটনায় স্থানীয় ইহুদি সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাটি হেট ক্রাইম কি না, সেটিও তদন্তের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ঘটনার পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি’ এবং অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড পৃথকভাবে ঘটনার নিন্দা জানিয়েছেন। নিরাপত্তার অংশ হিসেবে টরন্টো ও আশপাশের এলাকায় সিনাগগসহ বিভিন্ন উপাসনালয়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

ঘটনাটি সিনাগগকে লক্ষ্য করে পরিকল্পিত হামলা বা হেট ক্রাইম ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং প্রত্যক্ষদর্শী বা যাদের কাছে ঘটনার ছবি কিংবা ভিডিও রয়েছে, তাদের তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad