ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে পর্যটকবাহী একটি শীতাতপ নিয়ন্ত্রিত স্লিপার বাসে আগুন লেগে অন্তত ৯ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটির অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন।
আগুন ছড়িয়ে পড়লে কয়েকজন যাত্রী জানালা দিয়ে লাফিয়ে বেরিয়ে আসেন। এতে অনেকে আহত হন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি দিল্লি থেকে উত্তর প্রদেশের মহোবার দিকে যাচ্ছিল। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
আগুন দ্রুত পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। নিহতদের মরদেহ উদ্ধারের কাজও চলছে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে ৩৫ জন যাত্রী ছিলেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, বাসটি নয়ডা থেকে মহোবার দিকে যাচ্ছিল।
যমুনা এক্সপ্রেসওয়ের জেওয়ার এলাকার দয়ানতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।


