সারাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর পর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সমন্বয় করে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ানো হয়েছে।
নতুন ভাড়া পুনর্নির্ধারণে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বনানী কার্যালয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাস মালিক, শ্রমিকসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকে জ্বালানি তেলের নতুন দামের সঙ্গে সামঞ্জস্য রেখে বাসের ভাড়া সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিচালন ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম টাইমস অব বাংলাদেশকে বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার পর বাস ভাড়া পুনর্নির্ধারণে এখন পর্যন্ত শুধু জ্বালানির মূল্যবৃদ্ধির অংশটুকুই সমন্বয় করা হয়েছে। এর বাইরে পরিবহন খাতের অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে কোনো নতুন প্রস্তাব সরকার দেয়নি।
তিনি বলেন, ‘প্রস্তাবটা এমন হয়েছে যে জ্বালানির দাম যতটুকু বাড়ছে শুধু ওইটাকেই সমন্বয় করা। আর কোনো বাড়তি প্রস্তাব এখন সরকার দেয় নাই।’
সাইফুল আলম বলেন, ২০২২ সালে সর্বশেষ বাস ভাড়া নির্ধারণের সময় ডলারের বিনিময় হার ছিল ৮৬ টাকা। বর্তমানে ডলারের দাম বেড়ে ১২৫ থেকে ১৩০ টাকার মধ্যে রয়েছে। পাশাপাশি অন্যান্য সব ধরনের পণ্যের দামও বেড়েছে। এসব বিষয় বিবেচনায় নেওয়ার দাবি জানানো হলেও বর্তমানে শুধু জ্বালানির দাম সমন্বয়ের বিষয়েই আলোচনা হচ্ছে।
তিনি বলেন, ‘গতবারও তেলের দাম যখন বাড়ল, প্রধানমন্ত্রী বলেছিলেন যে- আমি নতুন সরকারে আসছি, তিন মাস পর আপনাদের এগুলো নিয়ে আমাদের লোক কথা বলবে। এখন শুধু তেলের দামটা সমন্বয় হচ্ছে।’
তিনি জানান, জ্বালানি তেলের দাম বাড়ার পর হিসাব অনুযায়ী বাস ভাড়া প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ানো হয়েছে। তবে এটি পরিবহন মালিকদের অতিরিক্ত কোনো দাবি নয়, বরং জ্বালানির মূল্যবৃদ্ধির হিসাব অনুযায়ী নির্ধারিত সমন্বয়।
সাইফুল আলম বলেন, ‘তেলের দাম ২০ টাকা যদি বেড়ে থাকে, তাহলে এটা ২০ পয়সা। এটা আমরা চাচ্ছি না, এটা ক্যালকুলেশনে আছে। এতে আমাদের লাভ নাই, লসও হবে না, হয়তো লাভ হবে না।’
তিনি আরও বলেন, জ্বালানির দাম বৃদ্ধির কারণে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বৃদ্ধির বিষয়টি নিশ্চিত হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে বর্তমানে শুধু জ্বালানি তেলের দাম সমন্বয়ের বিষয়েই আলোচনা করতে বলা হয়েছে।
এর আগে, রোববার রাতে সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দরে প্রতি লিটার ডিজেলের দাম ১৩৫ টাকা, কেরোসিনের দাম ১৫৫ টাকা, অকটেনের দাম ১৬৫ টাকা এবং পেট্রোলের দাম ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম রোববার মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে।
এর মধ্যে বাসসহ অধিকাংশ গণপরিবহনে ব্যবহৃত ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে। অর্থাৎ এক লিটার ডিজেলে পরিবহন খাতে খরচ সরাসরি ২০ টাকা বেড়েছে।
বিআরটিএ সূত্রে জানা গেছে, নতুন পরিস্থিতিতে বাসের পরিচালন ব্যয় ও জ্বালানি খরচ হিসাব করে ভাড়া সমন্বয়ের প্রস্তাব নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। দূরপাল্লা, মহানগর ও অন্য শ্রেণির বাসের ক্ষেত্রে আলাদা হিসাবও বিবেচনায় নেওয়া হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন বলেন, জ্বালানির দাম কত শতাংশ বাড়লে ভাড়া কীভাবে বৃদ্ধি করা যাবে, এমন প্রস্তাবনা আগে থেকেই ছিল। সেই হিসাবের ভিত্তিতেই নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে।


