আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতিটানার সাক্ষী হতে গ্যালারিতে হাজির থাকবেন তারই দীর্ঘদিনের বিশ্বস্ত সারথি অ্যাঞ্জেল ডি মারিয়া। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন আর্জেন্টাইন মহাতারকা। এই বিশেষ মুহূর্ত মাঠে বসে উপভোগ করার কথা নিজেই নিশ্চিত করেছেন ডি মারিয়া।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডি মারিয়া জানান, ৫ অক্টোবর রেসিং ক্লাবের হয়ে বানফিল্ডের বিপক্ষে ম্যাচ খেলে তিনি সোজা বুয়েনস এইরেসে থেকে যাবেন। নিজের উপস্থিতি নিশ্চিত করতে গিয়ে এই সাবেক উইঙ্গার বলেন, ‘আমাকে তো স্টেডিয়ামে যেতে হবে, তাই না? আমাকে যেতে হবে এবং দেখতে হবে। এটি আমার পথেই পড়লেই, আমি সেখানে থাকব।’
লিওকে ছাড়া জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, ‘এত বছর পর লিও ছাড়া একটি দল কল্পনা করা কঠিন। আর্জেন্টিনা ও বিশ্বকে সে যা দিয়েছে তা অসাধারণ।’
আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচটিই হবে আর্জেন্টিনা দলের আসন্ন সিরিজের একমাত্র ম্যাচ, যেখানে মাঠে দেখা যাবে মেসিকে। মনুমেন্টাল স্টেডিয়ামের এই রাতটি কেবল একটি বিদায়ী ম্যাচ নয়, বরং আর্জেন্টিনা ফুটবলের এক সোনালি প্রজন্মের মিলনমেলায় রূপ নিতে যাচ্ছে। মাঠে না নামলেও গ্যালারিতে মেসির শেষ মুহূর্ত ভাগাভাগি করতে হাজির থাকবেন রদ্রিগো ডি পল, নিকোলাস ওতামেন্দি ও জিওভানি লো সেলসোর মতো তারকারা।
মেসির শেষ ম্যাচটিকে স্মরনীয় করে রাখতে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা স্কোয়াডের সব সদস্যকে পরিবারসহ আমন্ত্রণ জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া জানান, বিশ্বচ্যাম্পিয়নদের এই উপস্থিতি ও সতীর্থদের আলিঙ্গনে মেসির বিদায়বেলাটি সব আর্জেন্টাইনের জন্য এক অবিস্মরণীয় ও আবেগঘন মুহূর্তে পরিণত হবে।


