যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ: আ.লীগ নেতাদের সঙ্গে যোগসূত্র

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ: আ.লীগ নেতাদের সঙ্গে যোগসূত্র
ছবি: ডিএমপির সৌজন্যে
Advertisement
Advertisement

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার রায়হান উদ্দিনের সঙ্গে আওয়ামী লীগের পলাতক নেতাদের মোবাইল ফোনে যোগাযোগ ছিল বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তারের পাশাপাশি চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রায়হান উদ্দিন (৩৫), রাসেল খান (৩২), আলা উদ্দিন (২৮) ও আব্দুল্লাহ (২৮)। ডিবির দাবি, তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য।

রোববার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিবির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মো. শাহীন।

তিনি বলেন, গত শুক্রবার রাতে যাত্রাবাড়ী থানার সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একজনকে শনাক্ত করা হয়। শনিবার বংশাল থানা এলাকায় অভিযান চালিয়ে রায়হান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

রায়হানের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে লালবাগের জেন সাহা রোডের ২৫৮ নম্বর ১০ তলা ভবনের নিচতলার পার্কিংয়ের মাঝের একটি পিলারের সঙ্গে রাখা ইটের সুরকির বস্তার ভেতর থেকে লাল রঙের কসটেপে মোড়ানো চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে।

ডিবি জানায়, গ্রেপ্তার রায়হানকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে ডেমরার ডগাইর এলাকায় অভিযান চালিয়ে রাসেল খান, আলা উদ্দিন ও আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

আরও পড়ুন: রাজধানীর চার স্থানে ককটেল বিস্ফোরণ

গ্রেপ্তারকৃতদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে ডিসি মোল্লা মো. শাহীন বলেন, রায়হান উদ্দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা দক্ষিণের বংশাল থানাধীন ৩২ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর ইউনিটের দপ্তর সম্পাদক। গত বছর মতিঝিল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার হয়ে সে পাঁচ মাস কারাগারে ছিল। সম্প্রতি জামিনে বের হয়ে আবারও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত হয় বলে অভিযোগ রয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তার চারজনই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য।

গ্রেপ্তারকৃতদের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে ডিবির এই কর্মকর্তা বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই তারা এসব ঘটনা ঘটাচ্ছে। এর পেছনে তাদের রাজনৈতিক উদ্দেশ্যও রয়েছে। গত দুই-তিন দিনে ঢাকা শহরের বিভিন্ন স্থানে এ ধরনের ঘটনা ঘটেছে। এরই অংশ হিসেবে যাত্রাবাড়ীতেও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

তিনি আরও বলেন, কেন তারা এসব করেছেন এবং এর পেছনে আরও কারা জড়িত, তা জানতে গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।

আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে রায়হানের যোগাযোগ রয়েছে কিনা—এমন প্রশ্নের জবাবে ডিসি মোল্লা মো. শাহীন বলেন, ‘হ্যাঁ, তাদের মোবাইলে যোগাযোগ আছে। এগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করছি। বিস্তারিত রিমান্ডে আনার পর জানা যাবে।’

গত শুক্রবার রাত ৮টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক অটোরিকশাচালক আহত হন। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad