অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে কুবির শিক্ষার্থীরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

একই সঙ্গে কুমিল্লায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।

রোববার দুপুর ১২টায় কয়েক হাজার শিক্ষার্থী মহাসড়কের বিশ্বরোড এলাকায় অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।

এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও কুমিল্লায় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

আন্দোলনরত শিক্ষার্থীরা অপ্রতিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার করে ৬০ দিনের মধ্যে বিচারপ্রক্রিয়া শেষ এবং ফাঁসি কার্যকর করার দাবি জানান।

আরও পড়ুন

তাদের ভাষ্য, অপ্রতিম হত্যার বিচার শুধু একটি পরিবারের দাবি নয় এটি কুমিল্লার মানুষের নিরাপত্তার সঙ্গেও যুক্ত। দ্রুত বিচার নিশ্চিত করে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।

শিক্ষার্থীদের চার দফা দাবিগুলোর মধ্যে রয়েছে কুমিল্লার পুলিশ সুপার, আদর্শ সদর ও সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দায় স্বীকার করে প্রত্যাহার। পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় স্থায়ী একটি পুলিশ ফাঁড়ি প্রতিষ্ঠার দাবিও জানিয়েছেন তারা। অপ্রতিম হত্যার বিচার ও ৬০ দিনের মধ্যে ফাঁসি বাস্তবায়ন করতে হবে।

এ ছাড়া রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় দৃশ্যমান পদক্ষেপ নেওয়া এবং নিখোঁজ ব্যক্তিদের নিরাপত্তার জন্য তাৎক্ষণিক রেসপন্স ইউনিট গঠনের দাবি করেন অবরোধকারী শিক্ষার্থীরা।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা বলেন, কুমিল্লায় একজন নাগরিক নিখোঁজ হওয়ার পর তার নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য কার্যকর ব্যবস্থা প্রয়োজন। অপ্রতিমের হত্যাকাণ্ডের পর তারা আর কোনো পরিবারকে এমন অনিশ্চয়তার মধ্যে দেখতে চান না। এ কারণে বিচার নিশ্চিত করার পাশাপাশি কুমিল্লায় নিরাপদ পরিবেশ তৈরির দাবিও জানানো হচ্ছে।

গত শুক্রবার বিকাল থেকে নিখোঁজ থাকার পর শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি নির্জন স্থান থেকে ১৩ বছর বয়সী অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad