শুটিং শেষে নেপাল থেকে দেশে ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন অভিনেতা মুর্তজা পলাশ। গত ২৮ আগস্ট তাকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তার গ্রেপ্তারের বিষয়টি এত দিন প্রকাশ করা হয়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘিরে দায়ের হওয়া একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসে বৃহস্পতিবার।
অপু বিশ্বাস অভিনীত আসন্ন ‘শিকার’ চলচ্চিত্রের শুটিংয়ের জন্য নেপালে গিয়েছিলেন মুর্তজা পলাশ। আগস্টে ছবিটির শুটিং শুরু হয়। ২৫ দিনের বেশি সময় শুটিং করার পর নেপালে আকস্মিক বন্যার কারণে ২৮ আগস্ট দেশে ফেরে পুরো দল।
ওই দিনই বিমানবন্দরে পলাশকে গ্রেপ্তার করা হয়। তবে তার গ্রেপ্তারের বিষয়টি এত দিন প্রকাশ করা হয়নি। ওই মামলায় তাকে আসামি করার পর বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
গ্রেপ্তারের পর পলাশকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলাসংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদের সময় ওই ঘটনা ও মামলার অন্য আসামিদের বিষয়ে পলাশের কাছ থেকে তথ্য পেয়েছে পুলিশ। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
এদিকে পলাশ আটক থাকায় অনিশ্চয়তার মুখে পড়েছে ‘শিকার’ চলচ্চিত্রের বাকি কাজ। ছবিটির বেশির ভাগ অংশের শুটিং নেপালে হলেও কয়েকটি দৃশ্য ও একটি গানের শুটিং এখনো বাকি।
অক্টোবরে বাকি অংশের শুটিং করার পরিকল্পনা করেছিলেন পরিচালক কামরুজ্জামান রোমান। তবে পলাশ কারাগারে থাকায় এখনো শুটিংয়ের সময়সূচি চূড়ান্ত করতে পারেননি তিনি।
কামরুজ্জামান রোমান বলেন, নেপালে নির্ধারিত শুটিংয়ের বেশির ভাগই শেষ হয়েছে। অক্টোবরে বাকি কাজ শেষ করার পরিকল্পনা ছিল। তবে পলাশ আটক থাকায় শুটিংয়ের তারিখ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
অভিনেতা আইনি প্রক্রিয়ায় বিষয়টি মোকাবিলা করছেন জানিয়ে তিনি বলেন, প্রযোজনা প্রতিষ্ঠানের আশা তিনি শিগগিরই মুক্তি পাবেন। তা না হলে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।
সীমান্ত এলাকার একটি গল্প ঘিরে নির্মিত হচ্ছে থ্রিলারধর্মী চলচ্চিত্র ‘শিকার’। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে নির্মিত ছবিটিতে মুর্তজা পলাশ ও অপু বিশ্বাসের পাশাপাশি অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার এবং পশ্চিমবঙ্গের অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য।
রেজা ফিল্মসের ব্যানারে নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান।


