চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক কিশোরীকে (১৩) ধর্ষণের পর মোবাইলে ধারণ করা ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মোবারক হোসেন সরদার (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালে লেজাকান্দি এলাকায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে নিজ বসতঘরে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে মোবারকের বিরুদ্ধে। এ সময় তিনি মুঠোফোনে ধারণ করা ভিডিও প্রকাশের হুমকি দিলে ভুক্তভোগী বিষয়টি গোপন রাখে। সম্প্রতি ওই ভিডিওটি ছড়িয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়।
এ নিয়ে বৃহস্পতিবার রাতে সালিস বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। এদিন সকালে অভিযুক্ত ব্যক্তি নিহতের পরিবারকে শাসালে স্থানীয় লোকজন জড়ো হয়ে তাকে আটক করে এবং গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়।
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নঈমুল ইসলাম রাজিব জানান, আহত মোবারকের মাথায় ও শরীরে জখমের চিহ্ন রয়েছে এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।


