চট্টগ্রামের সাতকানিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কেরানীহাট সিটি সেন্টারে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম হামিম। সে ছদাহা ইউনিয়নের আফজল নগর গ্রামের মৃত ফরিদুল আলমের ছেলে।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে মো. রোহান উদ্দিন (১৯) নামের আরেক কিশোরকে আটক করেছে। সে ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছৈয়াদাবাদ কাজিরখীল এলাকার বাসিন্দা।
জানা গেছে, অভিযুক্ত রোহান ও নিহত হামিম দুজনই নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা এবং কিশোর গ্যাংয়ের সদস্য। গত সোমবার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয়। তা সমাধানের জন্য মঙ্গলবার বিকালে কেরানীহাটে সালিশি বৈঠক বসে। সেখানে আবার কথা কাটাকাটি হলে রোহান হামিমকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামিমের মৃত্যু হয়।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে টাইমস অব বাংলাদেশকে বলেন, সন্ধ্যায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আটক কিশোরই হামিমকে ছুরিকাঘাত করেছে বলে জানা গেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নিহত কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


