টেকনাফে মুক্তিপণের পর র‍্যাবের অভিযানে ২ অপহৃত উদ্ধার

টেকনাফে মুক্তিপণের পর র‍্যাবের অভিযানে ২ অপহৃত উদ্ধার
উদ্ধার হওয়া দুই অপহৃত। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফে মুক্তিপণ আদায়ের পর অভিযান চালিয়ে অপহরণের শিকার এক নারীসহ দুজনকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫। নিখোঁজ হওয়ার দুই দিন পর টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার দুজন হলেন, কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মনোয়ারা বেগম (৪৫) ও শমসু আলম (৩৫)।

মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

তিনি জানান, গত ৫ সেপ্টেম্বর ঈদগাঁও থানার একটি এলাকা থেকে মনোয়ারা বেগম নিখোঁজ হন। এ ঘটনায় তার পরিবার ঈদগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করার পাশাপাশি র‍্যাবের কাছে আইনি সহায়তা চায়।

আ. ম. ফারুক বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্র নিখোঁজ নারীকে জিম্মি করে পরিবারের কাছে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে জানা যায়। পরে বিকাশের মাধ্যমে পরিবারের কাছ থেকে তারা তিন লাখ টাকা মুক্তিপণ আদায় করে। মুক্তিপণের টাকা নেওয়ার পরও অপহরণকারী চক্রটি আরও টাকার দাবি করতে থাকে। এ সময় ভুক্তভোগীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছিল।’

পরে গত সোমবার দুপুর আড়াইটার দিকে র‍্যাব-১৫-এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শাপলাপুর এলাকায় অভিযান চালিয়ে ভুক্তভোগী দুজনকে উদ্ধার করে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং আইনি প্রক্রিয়া শেষে ঈদগাঁও থানার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।অপহরণের সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে এবং ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেো জানান র‍্যাবের এই কর্মকর্তা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর