পাবনার সাঁথিয়া উপজেলায় পুকুর থেকে আব্দুল আজিজ (৫৫) নামে এক পেঁয়াজ ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার মিয়াপুর মিনারপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আজিজ উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ডাঙ্গামাছ গ্রামের মৃত সেকেন সরদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল আজিজ সোমবার এশার নামাজের পর বাড়ি থেকে বের হন। পরে আর তিনি বাড়িতে ফিরে আসেননি। মঙ্গলবার সকালে মিয়াপুর মিনারপাড়া এলাকা মানিকের পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে। এ সময় স্থানীয়রা সেটিকে আজিজের মরদেহ বলে শনাক্ত করে।
এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, পুকুর থেকে আজিজ নামের এক ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গতরাতে কে বা কারা তাকে গলা কেটে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


