কুষ্টিয়া সদর উপজেলার আলমপুর ইউনিয়নের স্বস্তিপুর গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে তুফা প্রধান (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে স্বস্তিপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের পাশের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত তুফা প্রধান ওই গ্রামের মসজিদপাড়ার আব্দুল মান্নান প্রধানের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বৃষ্টির মধ্যে মাঠে সার ছিটাচ্ছিলেন তুফা প্রধান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের কৃষকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আলামপুর পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) ফরিদুল ইসলাম জানান, বজ্রপাতে কৃষকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন অর রশিদ জানান, গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়েছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।


