রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, ওয়াকিটকি, পুলিশের মনোগ্রামযুক্ত হ্যান্ডকাফসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন—মো. মাসুদ রানা (২৯), মো. রাজিব হাওলাদার (৩০), হাফিজুল মাতব্বর (২৪), মোহাম্মদ শাকিল হোসেন (২৪) ও মো. বাদল (৪২)।
বৃহস্পতিবার সকাল ৯টা ৩৫ মিনিটে বনানী থানাধীন ব্লক-এ, রোড নম্বর-৪-এর খায়ের প্যালেসের সামনে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিবি জানায়, প্রায় ৪৫ সদস্যের সমন্বয়ে পরিচালিত অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি, বাংলাদেশ পুলিশের মনোগ্রামযুক্ত একজোড়া হ্যান্ডকাফ, এক রোল কালো স্কচটেপ, একটি শপিং ব্যাগ ও একটি হায়েস মাইক্রোবাস উদ্ধার করা হয়।
তিনি জানান, গ্রেপ্তাররা কোনো সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে জড়িত কি না, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং তারা এর আগে কোনো অপরাধে জড়িত ছিল কি না—এসব বিষয়ে তদন্ত চলছে।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে বনানী থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


