সিরাজগঞ্জের শাহজাদপুরে ইটবোঝাই নসিমনের সঙ্গে যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে শাহজাদপুর উপজেলার এনায়েতপুর-শাহজাদপুর আঞ্চলিক সড়কের শ্রীফলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া এলাকার মৃত নবাব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীফলতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে ইটবোঝাই নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানের যাত্রী রুহুল আমিন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরও তিনজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পর নসিমন চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে এবং চালককে আটকের চেষ্টা চালায়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় সড়কে কোনো যানজটের সৃষ্টি হয়নি।


