কক্সবাজার জেলা কারাগারে মো. মহিউদ্দিন সোহাগ (২৭) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তার মৃত্যু হয়। চিকিৎসক ওই যুবকের মৃত্যুর কারণ ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ বলে উল্লেখ করেছেন।
নিহত মহিউদ্দিন সোহাগ কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের পূর্ব কুতুবদিয়াপাড়ার ছেলে।
কক্সবাজার জেলা কারাগারের জেলার মো. দেলোয়ার জাহান জানান, মাদক মামলায় গত ৩০ এপ্রিল মহিউদ্দিনকে কারাগারে পাঠানো হয়। শনিবার রাত সোয়া ১০টার দিকে তিনি হঠাৎ অসুস্থতা অনুভব করলে দ্রুত কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়। তিনি দাবি করেছেন, চিকিৎসক ওই যুবকের মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ বলে উল্লেখ করেছেন।
দেলোয়ার জাহান জানান, মৃত্যুর পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে ৮টার দিকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।


