রাজধানীর মিরপুরে পুলিশের চেকপোস্টে থামার নির্দেশ অমান্য করে পালানোর সময় ধাওয়া করে দুইজনকে আটক করা হয়েছে। পরে তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনে থাকা ছয় রাউন্ড তাজা গুলি জব্দ করেছে পুলিশ।
রোববার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. সাইফুল ইসলাম তপু ও মো. রবিন মিয়া।
পুলিশ জানায়, শনিবার রাত ১০টার দিকে মিরপুর মডেল থানার দক্ষিণ পীরেরবাগ ৬০ ফিট রোডের ভাঙা ব্রিজ সংলগ্ন টি-ভ্যালী এলাকায় চেকপোস্ট বসায় মিরপুর মডেল থানার একটি দল। এ সময় মোটরসাইকেলে করে দুই ব্যক্তি চেকপোস্টের সামনে এলে পুলিশ তাদের থামার নির্দেশ দেয়।
তবে পুলিশের নির্দেশ অমান্য করে তারা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাদের ধাওয়া করে আটক করে। আটকের পর তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনে রক্ষিত ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এ ছাড়া তাদের হেফাজত থেকে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন অবৈধভাবে পিস্তল ও গুলি নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। উদ্ধার করা পিস্তল ও গুলির বৈধ কোনো কাগজপত্র তারা দেখাতে পারেননি।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


