রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৫৫টি মামলা দায়ের করেছে পুলিশ।
মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগে ৩৩ জন, ওয়ারীতে ৪৭ জন, মতিঝিলে ৬১ জন, তেজগাঁওয়ে ৫৯ জন, মিরপুরে ১৫৩ জন, গুলশানে ৪৯ জন, উত্তরা বিভাগে ৪১ জন, গোয়েন্দা বিভাগে ১০ জন এবং সিটিটিসির অভিযানে ৫ জন রয়েছেন।
অভিযানকালে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া ১১ কেজি গাঁজা, ১৬ হাজার ২২২ পিস ইয়াবা, একটি সুইচ গিয়ার, দুটি হ্যান্ডকাফ, একটি খেলনা পিস্তল, একটি ইলেক্ট্রিক ট্র্যাকার, দুটি ওয়াকি-টকি ও একটি ওয়েট মেশিন উদ্ধার করা হয়।
এ ছাড়া অভিযানে ১৯টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ২৮টি সিম, নগদ ১ হাজার ৪০০ টাকা এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব অস্ত্র, মাদক ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


