কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা আশ্রয়শিবিরে স্ত্রী ও এক সন্তানকে কুপিয়ে হত্যা এবং অপর সন্তানকে গুরুতর আঘাত করার ঘটনায় মামলার আসামি এহেছানুল হককে (৩৮) ঢাকার তেজগাঁও থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১৫ ও র্যাব-২-এর যৌথ অভিযানে রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৯ জুলাই কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের ব্লক বি-৬ তে পারিবারিক কলহের জেরে এহেছানুল হক ধারালো দা দিয়ে স্ত্রী ও দুই সন্তানকে কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই তার স্ত্রী শহীদা নুর ওরফে সুফিয়া (৩০) এবং পাঁচ বছর বয়সী ছেলে মোহাম্মদ শামীম মারা যায়। অপর ছেলে মোহাম্মদ আফছার ওরফে বাপ্পী (১৪) গুরুতর আহত হয়।
ঘটনার পর এহেছানুল হক পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে র্যাব-১৫ নজরদারি জোরদার করে এবং অভিযান পরিচালনা করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা ৭টার দিকে র্যাব-১৫-এর ব্যাটালিয়ন সদর ও র্যাব-২ এর একটি যৌথ আভিযানিক দল ঢাকার তেজগাঁও থানাধীন লাইফ ইন্স্যুরেন্স অফিসের সামনে অভিযান চালিয়ে এহছানুলকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’


