কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে স্বামীর বিরুদ্ধে স্ত্রী ও ছেলেকে গলা কেটে হত্যার অভিযোগ আনা হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরেক সন্তান।
বৃহস্পতিবার রাত আনুমানিক দেড়টার দিকে উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের ব্লক বি-৬ এলাকায় এ ঘটনা ঘটে। এরপর থেকে পলাতক আছেন অভিযুক্ত স্বামী আতাসমুল হক (৩৭)।
নিহতরা হলেন- ওই শিবিরের বাসিন্দা শহীদ নুর (৩৩) ও তার পাঁচ বছর বয়সী ছেলে মো. শামীম হক। গুরুতর আহত হয়েছে তাদের অপর ছেলে মো. আবছার (৯)। আহত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, পারিবারিক কলহের জেরে আতাসমুল হক নামের এক রোহিঙ্গা শরণার্থী ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী ও দুই সন্তানকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই স্ত্রী ও এক ছেলে নিহত হয়। অপর ছেলে গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যায়।
রোহিঙ্গা আশ্রয়শিবিরে আইনশৃঙ্খলায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (৮ এপিবিএন) এর পুলিশ সুপার শৈলেন চাকমা এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রাত আনুমানিক দেড়টার দিকে ক্যাম্প-৬ থেকে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও সন্তানকে হত্যার খবর পাই। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে এবং গুরুতর আহত এক শিশুকে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় জড়িত আতাসমুল হককে আটক করতে পুলিশ অভিযান পরিচালনা করছে। হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার বিস্তারিত উদঘাটন করতে তদন্ত চলছে।’
উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’


