কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ধসে বসতঘর চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার বরইতলী ইউনিয়নের মোহছেনিয়া কাটা পাহাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- রুমি আক্তার (১৫), তিনি মোহাম্মদ কাজলের মেয়ে ও বরইতলী দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী এবং মোহাম্মদ তৌসিফ (১০), আবদুল মজিদের ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টির কারণে ভোররাতে পাহাড়ের একটি অংশ ধসে তাদের বসতঘরের ওপর পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় দুই শিশু মাটিচাপা পড়ে। পরিবারের অন্য সদস্যরা স্থানীয়দের সহায়তায় মাটি সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান বলেন, টানা বৃষ্টিতে একদিকে ভয়াবহ বন্যা, অন্যদিকে পাহাড়ধসের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত দুই দিন ধরে ইউনিয়নের বিভিন্ন গ্রাম পানিতে তলিয়ে রয়েছে।


