খুলনার নিরালায় প্রান্তিকা আবাসিক এলাকায় একজন অজ্ঞাত নারীর বস্তাবন্দী রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
বুধবার রাতে এলাকার ৩ নম্বর রোডের একটি সাত তলা ভবনের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর রোডের ওই সাত তলা বাড়ির সামনে একটি বড় প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বস্তার এক পাশ থেকে তাজা রক্ত বের হতে দেখে তাদের সন্দেহের হয়।
পরে কাছে গিয়ে বস্তার ভেতর মানুষের মরদেহ থাকার বিষয়টি নিশ্চিত হয়ে তারা খুলনা সদর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। সিআইডি টিম আসলে মরদেহের পরিচয় সনাক্তের কাজ শুরু করা হবে। আমরা আশপাশে অভিযান শুরু করেছি এবং তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।


