নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সারবোঝাই একটি ট্রাক ও যাত্রীবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাত থেকে আটজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার নারান্দিয়া বাজারের কাছে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন মারা যান এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয় বলে জানিয়েছেন নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন।
নিহত চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন, যাদের সবার আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিকআপে করে একটি পরিবারের সদস্যরা স্থানীয় একটি মাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে নারান্দিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নেত্রকোনাগামী একটি সারবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সারবোঝাই ট্রাকটি রাস্তার একপাশে উল্টে যায় এবং পিকআপটি চূর্ণবিচূর্ণ হয়ে যাত্রীরা হতাহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান পরিচালনা করেন। দুর্ঘটনায় গুরুতর আহত ১৩ বছরের এক কিশোরকে চিকিৎসার জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের উদ্ধার করে নেত্রকোনা ও ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়।
শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সেন্টু মিয়া জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যানজট সৃষ্টি হয়ে বেশ কিছু সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করলে বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


