বরিশালের কাউনিয়া থানাধীন চরমোনাই নাইন্দার চর সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি ড্রেজার ও দুটি বাল্কহেডসহ সাতজনকে আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, শুক্রবার রাত ১টায় কোস্ট গার্ড স্টেশন বরিশাল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বালু তোলা অবস্থায় দুটি ড্রেজার, দুটি বাল্কহেড এবং সাতজন বালু উত্তোলনকারীকে আটক করা হয়।
পরবর্তীতে বরিশাল সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত ড্রেজার ও বাল্কহেডের মালিকদের কাছ থেকে ৬ লাখ টাকা জরিমানা আদায় করে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন। একই সঙ্গে আটকদের কাছ থেকে মুচলেকা নিয়ে ড্রেজার ও বাল্কহেডসহ তাদের ছেড়ে দেওয়া হয়।
নদী তীরবর্তী জনগণের ফসলি জমি ও বসতভিটা রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


