চট্টগ্রাম নগরের হালিশহরে সাত বছরের শিশু মাহফুজকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার মামলায় মো. আল আমিন (৪৪) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অপরাধের আলামত গোপন ও মরদেহ সরিয়ে ফেলার দায়ে তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নিশাদুজ্জামান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আল আমিন কিশোরগঞ্জের নিকলী উপজেলার কারপাশা পুতিহারা এলাকার মৃত জিন্নাত আলীর ছেলে।
আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর সকালে নগরের হালিশহর থানার গলিঢিপাপাড়া টোল রোড এলাকায় পূর্বপরিকল্পিতভাবে শিশু মাহফুজকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে হত্যার ঘটনা গোপন করতে তার মরদেহ পাশের বেড়িবাঁধ-সংলগ্ন একটি খালে ফেলে দেওয়া হয়।
ঘটনার পর নিহত শিশুটির বাবা মো. মাহাবুব হালিশহর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০১৭ সালের ২৭ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে প্রায় ১০ বছর পর এ মামলার রায় ঘোষণা করা হলো।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. শহীদুল ইসলাম বলেন, ১২ জন সাক্ষীর সাক্ষ্য, উপস্থাপিত আলামত ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে আদালত আল আমিনকে দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যার অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড এবং ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেন।
এ ছাড়া দণ্ডবিধির ২০১ ধারায় অপরাধের আলামত গোপন ও মরদেহ সরিয়ে ফেলার অপরাধে তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


