রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় আগামী সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
শনিবার রাজধানীর তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে ‘কনসালটেশন অন হিউম্যান রাইটস অ্যাবিউজেজ অ্যান্ড অ্যাকসেস টু জাস্টিস ফর ভিকটিমস’ শিরোনামের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এই সেমিনারটি আয়োজন করে।
চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরে হত্যাকাণ্ডের পর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয়েছে রঙ মেখে সেখানে আহত-নিহতের ঘটনা সাজানো হয়েছে। দুটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করা হয়েছে। অনেক টেলিভিশন চ্যানেল ফুটেজ ধারণ করলেও সম্প্রচার করেনি। তারপরও আমরা ঘটনার তদন্ত করতে সক্ষম হয়েছি।
তিনি বলেন, মানবাধিকারবিরোধী কর্মকাণ্ড ব্যক্তি পর্যায়ে যেমন হয়, তেমনি রাষ্ট্র বা সরকার পর্যায় থেকেও হয়। এটি রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে, যেখানে ক্ষমতার ব্যবহার আছে, সেখানেই কিন্তু মানবাধিকারবিরোধী কর্মকাণ্ডের প্রশ্ন থাকে। যেখানে প্রয়োগের জায়গা থাকে, সেখানেও এবিউজের জায়গা থাকে। সেটি সব জায়গায়, কখনো কখনো এমনও হয় যে, যার অধিকার লঙ্ঘন হয়েছে, তিনিও কিন্তু কখনো কখনো মানবাধিকারবিরোধী কর্মকাণ্ড করে থাকেন।
আমিনুল ইসলাম উদহারণ দিয়ে বলেন, একজন ভিকটিম বা তার পরিবার থানায় মামলা করতে গিয়ে প্রতিহিংসাবশত নির্দোষ আরও ১০ জনকে আসামি করে ফেলেন। নিজের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আরেক জনের অধিকার লঙ্ঘন করা হলো। এটাও কিন্তু মানবাধিকারবিরোধী কর্মকাণ্ড।


