রাজধানীর যানজট নিরসন, গণপরিবহন ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং পাইকারি বাজারব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করার লক্ষ্যে কেরানীগঞ্জে প্রস্তাবিত আধুনিক বহুতল বাস টার্মিনাল এবং গাবতলীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রস্তাবিত পাইকারি কাঁচাবাজারের স্থান সরেজমিন পরিদর্শন করা হয়েছে।
শনিবার দুপুরে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের পরিদর্শন দল কেরানীগঞ্জ উপজেলার বাঘৈর মৌজাস্থ ‘প্রিয় প্রাঙ্গণ’ আবাসিক প্রকল্পের নির্ধারিত স্থান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. আনিসুর রহমান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)।
এ ছাড়া ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হাজী মো. আবুল কাসেমসহ বিভিন্ন সরকারি সংস্থা ও পরিবহন সংগঠনের প্রতিনিধিবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রতিনিধিদল স্থানটির যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত সক্ষমতা এবং আধুনিক বহুতল বাস টার্মিনাল নির্মাণের সম্ভাব্যতা বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে উপস্থিত সকল কর্মকর্তা ও প্রতিনিধি রাজধানীর গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন এবং যাত্রীসেবার মানোন্নয়নের স্বার্থে উক্ত স্থানে একটি আধুনিক বহুতল বাস টার্মিনাল নির্মাণের বিষয়ে একমত পোষণ করেন।
পরবর্তীতে পরিদর্শন দলটি মিরপুর গাবতলী দ্বীপনগর এলাকায় ডিএনসিসির প্রস্তাবিত পাইকারি কাঁচাবাজারের স্থান পরিদর্শন করেন।
এ সময় ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার এবং ট্রাফিক-মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
স্থান পরিদর্শন শেষে কারওয়ান বাজারের বিদ্যমান পাইকারি কাঁচাবাজার ও আড়ত গাবতলীর প্রস্তাবিত স্থানে স্থানান্তরের বিষয়টি উচ্চপর্যায়ে উপস্থাপন করা এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের লক্ষ্যে একটি সমন্বিত সিদ্ধান্ত গৃহীত হয়।


