ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর দামেস্ক সফরের সময় ঘটে যাওয়া দুটি বোমা বিস্ফোরণের জন্য দায়ী আইএস-সংশ্লিষ্ট একটি চক্রকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে সিরিয়ার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
২০২৪ সালের শেষ দিকে বাশার আল-আসাদের পতনের পর ইউরোপীয় ইউনিয়নের কোনো রাষ্ট্রপ্রধানের এটি ছিল সিরিয়ায় প্রথম সফর। এক দশকেরও বেশি সময়ের সংঘাতের পর দেশটির ভাবমূর্তি পুনর্গঠনের চেষ্টা করছেন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। ওই হামলার ঘটনায় সফরটি কিছুটা ম্লান হয়ে পড়ে।
তবে সিরীয় প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মাখোঁ বলেন, এ ধরণের হামলায় ‘আমাদের অস্থিতিশীল হতে দেওয়া যাবে না।’ দুই নেতা দুই দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকারও করেন।
চার এলাকায় একযোগে অভিযান: সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাব বলেন, ‘দুই দিন আগে দামেস্কে সংঘটিত সন্ত্রাসী বোমা হামলার জন্য দায়ী চক্রটি এখন আমাদের হেফাজতে রয়েছে।’ এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, তদন্ত শেষ হলে চক্রটির সদস্যদের পরিচয়, ভূমিকা এবং তাদের সব ধরণের সংশ্লিষ্টতা ও যোগাযোগ জনসমক্ষে প্রকাশ করা হবে।
দামেস্ক অঞ্চলের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান আহমাদ দালাতি সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে চক্রটি আইএস (ইসলামিক স্টেট) গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দামেস্ক ও এর আশপাশের চারটি এলাকায় সন্দেহভাজনদের অবস্থান লক্ষ্য করে একযোগে পরিচালিত অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে দুটি এলাকা ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের আলাওয়ি সংখ্যালঘু সম্প্রদায়ের অধ্যুষিত।
গত মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্টের সিরিয়া সফর চলাকালে দামেস্কের মধ্যাঞ্চলে দুটি বিস্ফোরণে একজন নিহত ও বেশ কিছু মানুষ আহত হন। সাংবাদিকরা শহরে অন্তত একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং মাখোঁর হোটেলের কাছাকাছি ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখেন। বিস্ফোরকগুলো ফোর সিজনস হোটেলের কাছে পেতে রাখা হয়েছিল, যেখানে মাখোঁ রাতযাপন করেছিলেন।
সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একটি বিস্ফোরক আবর্জনার পাত্রে এবং অন্যটি হোটেলের কাছে একটি গাড়িতে রাখা হয়েছিল। বিস্ফোরণ দুটি মাখোঁর হোটেল ত্যাগের পর ঘটে। এর কিছুক্ষণ পরই তিনি প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠকের জন্য প্রাসাদে পৌঁছান।


