সাতক্ষীরার তালা ও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার পৃথক এই দুর্ঘটনা ঘটে।
সাতক্ষীরার তালার গাবতলা গ্রামে পুকুরের পানিতে ডুবে আরাফাত হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের ইসরাইল হোসেনের ছেলে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পরিবার জানায়, সকালে খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় আরাফাত। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুকুরে গোসল করতে নেমে সোনিয়া আক্তার (৯) নামে এক আবাসিক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। সে হরিপুর উপজেলার সোহেল রানার মেয়ে।
পুলিশ জানায়, দুপুরে মাদ্রাসার পাশের পুকুরে সহপাঠীদের সঙ্গে গোসলে নেমে তলিয়ে যায় সোনিয়া। খবর পেয়ে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আলবারী জানান, থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


