ঢাকার মেট্রোরেলের নিচে অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে স্টেশনসংলগ্ন এলাকায় যাত্রী চলাচল ও নিরাপত্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন সব অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
ডিএমটিসিএল জানিয়েছে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মেট্রোরেলের অবকাঠামো ও যাত্রী চলাচলে বাধা সৃষ্টি করে এমন যেকোনো অবৈধ দখলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।পাশাপাশি এই উচ্ছেদ অভিযান পর্যায়ক্রমে এমআরটি লাইন-৬-এর সব ১৭টি মেট্রোরেল স্টেশনে পরিচালনা করা হবে।
অভিযানে ডিএমটিসিএলের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র্যাব, ফায়ার সার্ভিস, বাংলাদেশ আনসার, ডেসকো, ওয়াসা এবং এমআরটি পুলিশ অংশ নেয়। অভিযানে ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা প্রদান করে।
উচ্ছেদ অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন পথচারী ও যাত্রীরা। তারা বলেন, দীর্ঘদিন ধরে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে ফুটপাত দখল করে দোকান বসানোয় নির্বিঘ্নে চলাচল করা কঠিন হয়ে পড়েছিল।
অভিযানের পর এখন হাঁটার পর্যাপ্ত জায়গা তৈরি হয়েছে। তবে তারা বলছেন, আগেও একাধিকবার উচ্ছেদ অভিযান চালানো হলেও কিছুদিন পর আবার অবৈধ দখল ফিরে এসেছে। তাই নিয়মিত নজরদারি ও কঠোর তদারকির মাধ্যমে স্থায়ীভাবে দখলমুক্ত রাখার দাবি জানিয়েছেন তারা।


