রপ্তানি বৃদ্ধির স্বপ্ন ও বাস্তবতা: বাংলাদেশের শিল্পখাত কোন পথে?

রপ্তানি বৃদ্ধির স্বপ্ন ও বাস্তবতা: বাংলাদেশের শিল্পখাত কোন পথে?
ড. মোঃ সালাহ উদ্দিন
Advertisement
Advertisement

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার অন্যতম প্রধান চালিকাশক্তি হলো রপ্তানি খাত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একটি কৃষিনির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে শিল্প ও রপ্তানিনির্ভর অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে। বিশেষ করে তৈরি পোশাক শিল্প বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তবে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় প্রশ্ন উঠছে, শুধু রপ্তানি আয় বাড়লেই কি টেকসই শিল্প উন্নয়ন নিশ্চিত হবে? নাকি প্রয়োজন শিল্প কাঠামোর বৈচিত্রময় পরিবর্তন ও আধুনিকায়ন?

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের তুলনামূলক আমদানি বেশি হলেও রপ্তানি আয় আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের পণ্য রপ্তানি আয় ৪৮ দশমিক ২৮ বিলিয়ন মার্কিন ডলার হয়েছিল, যার বড় অংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে। তবে সদ্য বিদায়ী ২০২৫-২০২৬ অর্থ বছরে মোট রপ্তানি আয় ৪৮ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের তুলনায় শূন্য দশমিক ৫৮ শতাংশ কম।

বর্তমানে বাংলাদেশের রপ্তানি কাঠামো এখনো সীমিত কয়েকটি পণ্যের ওপর নির্ভরশীল। তৈরি পোশাক খাত একাই মোট পণ্য রপ্তানির ৮০ শতাংশের বেশি অংশ জুড়ে রয়েছে। এই নির্ভরতা একদিকে শক্তি, অন্যদিকে ঝুঁকি। কারণ আন্তর্জাতিক বাজারে কোনো পরিবর্তন, ক্রেতাদের আচরণের পরিবর্তন, উৎপাদন খরচ বৃদ্ধি বা প্রতিযোগী দেশের অগ্রগতি বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধিতে সরাসরি প্রভাব ফেলতে পারে, যা কিনা সাম্প্রতিক কালে লক্ষ্য করা যাচ্ছে ।

রপ্তানি প্রবৃদ্ধির সামনে নতুন বাস্তবতা

বিশ্ব অর্থনীতি এখন দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, চতুর্থ শিল্প বিপ্লব তার একটি বাস্তব উদাহরণ। ক্রেতারা এখন শুধু কম দামের পণ্য নয়, বরং মান, পরিবেশবান্ধব উৎপাদন, শ্রম অধিকার, প্রযুক্তির ব্যবহার এবং দ্রুত সরবরাহ ব্যবস্থাকে গুরুত্ব দিচ্ছে। ফলে ভবিষ্যতের রপ্তানি প্রতিযোগিতা শুধু শ্রমনির্ভর উৎপাদনের ওপর নির্ভর করবে না, বরং নির্ভর করবে দক্ষতা, প্রযুক্তি ও বৈচিত্রময় উদ্ভাবনের ওপর।

বাংলাদেশের জন্য বড় সুযোগ রয়েছে চামড়া ও চামড়াজাত পণ্য, জুতা, লাইট ইঞ্জিনিয়ারিং, প্লাস্টিক, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, ওষুধ, তথ্যপ্রযুক্তি ও সংশ্লিষ্ট খাত এবং অন্যান্য শিল্পখাতে। বিশ্বব্যাংকের গবেষণায়ও বলা হয়েছে, তৈরি পোশাকের বাইরে রপ্তানি বৈচিত্র্য বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারে চাহিদাপূর্ণ শিল্প খাতকে চিহ্নিত করে বাংলাদেশের ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা দরকার।

শিল্পখাতের প্রধান চ্যালেঞ্জ

আরও পড়ুন

বাংলাদেশের শিল্পখাতের সামনে কয়েকটি মৌলিক চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, উৎপাদনশীলতা বৃদ্ধি। অনেক শিল্প এখনো আধুনিক প্রযুক্তি ও অটোমেশনের দিক দিয়ে পিছিয়ে রয়েছে। শুধু কম শ্রম খরচের সুবিধা দিয়ে দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক বাজারে টিকে থাকা কঠিন।

দ্বিতীয়ত, দক্ষ মানবসম্পদের অভাব। ভবিষ্যতের শিল্পে প্রয়োজন প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা, গবেষণা সক্ষমতা এবং উদ্ভাবনী চিন্তাভাবনা। কিন্তু শিল্পের প্রয়োজন অনুযায়ী দক্ষ কর্মী তৈরির ক্ষেত্রে এখনো বড় ধরণের ঘাটতি রয়েছে।

তৃতীয়ত, ব্যবসার পরিবেশ। দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য সহজ অর্থায়ন, অবকাঠামো, দ্রুত সেবা, নীতি স্থিতিশীলতা এবং আমলাতান্ত্রিক জটিলতা কমানো জরুরি। বিশেষ করে বিনিয়োগে উদ্ভুদ্ধ করার জন্য সহজ শর্তে উদ্যোক্তাদেরকে ব্যাংকঋণ প্রদানের জন্য সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অতিদ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ করা দরকার।

এশীয় উন্নয়ন ব্যাংকের বিশ্লেষণেও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের রপ্তানিবৈচিত্র্য বাড়ানোর ক্ষেত্রে পণ্যের মান, ব্যবসার খরচ, বিনিয়োগ পরিবেশ এবং বিকল্প শিল্পখাতের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

রপ্তানি আয় বাড়াতে প্রয়োজন রপ্তানি সক্ষমতা

একটি দেশের প্রকৃত শিল্প উন্নয়ন তখনই হয়, যখন সে দেশ শুধু বেশি পণ্য বিক্রি করে না, বরং বেশি মূল্য সংযোজন করতে পারে। বাংলাদেশকে এখন “কম খরচের উৎপাদক” থেকে “উচ্চমানের উদ্ভাবনী উৎপাদক” হওয়ার পথে এগোতে হবে। যেমনটি চীন অনেক আগেই শুরু করেছে। ওখানে ঘরে ঘরে রপ্তানিমুখী ক্ষুদ্র শিল্প গড়ে ওঠেছে।

লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রয়োজন

বাংলাদেশের জন্য লক্ষ্য বাস্তবায়নে দরকার ১. শিল্প গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ, ২. প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থা, ৩. দক্ষ জনবল তৈরি, ৪. স্থানীয় শিল্পের আন্তর্জাতিক মান উন্নয়ন, ৫. নতুন বাজার অনুসন্ধান এবং ৬. ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে রপ্তানি সক্ষম করা।

ভবিষ্যতের পথ

বাংলাদেশের রপ্তানি খাতের সম্ভাবনা অনেক বড়। আমাদের রয়েছে তরুণ শ্রমশক্তি, উদ্যোক্তা মনোভাব এবং আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্যতা। কিন্তু আগামী দিনের প্রতিযোগিতায় সফল হতে হলে পুরোনো সাফল্যের ওপর নির্ভর করলে চলবে না। তৈরি পোশাক খাত আমাদের পথ দেখিয়েছে, এখন প্রয়োজন সেই অভিজ্ঞতা ব্যবহার করে অন্যান্য শিল্পখাতকে শক্তিশালী করা। পণ্যের বৈচিত্র্য, প্রযুক্তি, দক্ষতা এবং উদ্ভাবনের ওপর ভিত্তি করেই রপ্তানি প্রবৃদ্ধির পরবর্তী অধ্যায়ের যাত্রা শুরু হবে।

বাংলাদেশের সামনে প্রশ্ন একটাই। আমরা কি শুধু রপ্তানির পরিমাণ বাড়াব, নাকি রপ্তানির মান ও সক্ষমতাও উন্নত করব? টেকসই শিল্প উন্নয়নের জন্য দ্বিতীয় পথই হতে পারে ভবিষ্যতের একমাত্র সঠিক দিকনির্দেশনা।

লেখক: গবেষক ও রপ্তানি বাণিজ্য প্রধান, প্রিমিয়ার সিমেন্ট মিলস পি.এল.সি.

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad