বৈরী আবহাওয়ার কারণে টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি এবং পাহাড় ধসের আশঙ্কা থাকায় নদী ও পাহাড়ি পথে অবস্থিত পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে বান্দরবানের থানচি উপজেলা প্রশাসন।
সোমবার থানচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুল্লাহ আল ফয়সাল এ তথ্য জানান।
ইউএনও বলেন, বিষয়টি সাময়িক। বৃষ্টিপাত কমে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটকরা থানচির সব পর্যটন এলাকায় যেতে পারবেন।
এদিকে উজানে প্রবল বৃষ্টিপাতে সাঙ্গু নদীতে পানি প্রবাহ বেড়ে গেছে। নদীতে সৃষ্ট প্রবল স্রোতের কারণে ইঞ্জিনচালিত বোট চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তিন্দু, রেমাক্রিসহ বিভিন্ন এলাকায় বসবাসকারী স্থানীয় বাসিন্দারাও জেলা সদরে যাতায়াত করতে পারছেন না।
তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা জানান, তিনি বর্তমানে উপজেলা সদরে অবস্থান করছেন। নদীর প্রবাহ স্বাভাবিক হলে তিনি নিজ বাড়িতে ফিরবেন।
এদিকে টানা বৃষ্টির কারণে বান্দরবান-থানচি সড়কের নীলগিরি এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধসে পড়া মাটি অপসারণ করলে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।


