ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৯১ জন। জেলায় হাম ও উপসর্গে এ পর্যন্ত মোট ১৮ জন মারা গেছেন।
রোববার সকালে ফরিদপুরের সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুকসানা (৪ মাস) ও তাসিন (৮ মাস) নামে দুই শিশু মারা গেছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফরিদপুর জেলায় মোট দুই হাজার ১২৮ জনের হাম উপসর্গ নিশ্চিত করা হয়। এর মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের অধিকাংশই শিশু। এ পর্যন্ত হাসপাতালটি থেকে এক হাজার ২৫৪ জন রোগী সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন।
শনিবার থেকে রোববার পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় নতুন করে ৯১ জন হাম উপসর্গের রোগী শনাক্ত হয়েছেন। উপজেলাভিত্তিক আক্রান্তদের মধ্যে সালথায় ২২ জন, আলফাডাঙ্গায় ২১ জন, সদরপুরে ১৪ জন, ভাঙ্গায় ১২ জন, মধুখালীতে ছয়জন, ফরিদপুর সদরে পাঁচজন এবং নগরকান্দায় দুইজন রয়েছেন। এ ছাড়া বোয়ালমারী ও চরভদ্রাসন উপজেলাতেও নতুন হাম রোগী শনাক্ত হয়েছে।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, ‘হাম প্রতিরোধে শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অভিভাবকদের সচেতনতা বাড়ানোই বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
জেলা স্বাস্থ্য বিভাগ হামের বিস্তার রোধে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।


