চিত্রনায়িকা ববির বাসার গ্রিল কেটে চুরি

চিত্রনায়িকা ববির বাসার গ্রিল কেটে চুরি
Advertisement
Advertisement

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির ঢাকার বাসায় চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাজধানীর কাফরুল থানার সেনপাড়া পর্বতা এলাকার বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) রুবেল মল্লিক বলেন, ঘটনার বিষয়ে মামলা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুটিংয়ের কাজে ২৫ মে বাসা থেকে বের হন ববি। মঙ্গলবার রাতে তার গৃহপরিচারিকা লাকি ফোন করে চুরির বিষয়টি জানান। পরে বাসায় ফিরে ববি দেখতে পান, তার শোবার ঘরের তিনটি আলমারির মধ্যে একটি খোলা অবস্থায় রয়েছে। একই সঙ্গে ঘরের জানালা ও বারান্দার দুটি গ্রিল কাটা ছিল।

এরপর পুরো বাসা তল্লাশি করে তিনি জানতে পারেন, বাসা থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী চুরি হয়েছে। চুরি হওয়া জিনিসের মধ্যে রয়েছে পাঁচ জোড়া স্বর্ণের চুড়ি, সাত জোড়া কানের দুল, তিনটি নেকলেস, আটটি লকেট, ১২টি স্বর্ণের চেইন, সাতটি ডায়মন্ডের নাকফুল, পাঁচটি ব্র্যান্ডের হাতঘড়ি এবং নগদ ছয় লাখ টাকা। সব মিলিয়ে চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ৮৫ লাখ ৭০ হাজার টাকা।

ঘটনার বিষয়ে ববি বলেন, তার মা হজে আছেন এবং পরিবারের অন্য সদস্যরা অস্ট্রেলিয়ায় থাকেন। তিনি শুটিংয়ে বাইরে ছিলেন। চুরির খবর পেয়ে বাসায় ফিরে এমন পরিস্থিতি দেখতে পান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানো হলে তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর