দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করতে শুধুমাত্র সরকারি বা বেসরকারি চাকরির ওপর নির্ভর না করে পরিকল্পিত শিল্পায়নের ওপর গুরুত্বারোপ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
সোমবার লালমনিরহাট স্টেডিয়ামে প্রাণ-আরএফএল গ্রুপ আয়োজিত এক চাকরি মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিমত ব্যক্ত করেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রী বলেন, দেশের জনসংখ্যার একটি বড় অংশই তরুণ এবং কেবল প্রথাগত চাকরির মাধ্যমে এই বিশাল সংখ্যক মানুষের কর্মসংস্থান করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন ব্যাপকভিত্তিক শিল্পায়ন, যা একদিকে তরুণদের উপার্জনের পথ তৈরি করবে এবং অন্যদিকে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাবে।
লালমনিরহাট অঞ্চলের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, এখানকার মাটি অত্যন্ত উর্বর এবং এখানে প্রচুর পরিমাণে ধান, ভুট্টা ও আলু উৎপাদিত হয়। ফলে এই অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার এক উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে লালমনিরহাটে শিল্প-কারখানা স্থাপনের জন্য তিনি দেশের বড় শিল্পোদ্যোক্তাদের প্রতি বিশেষ আহ্বান জানান।
উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ এই ব্যতিক্রমী চাকরি মেলার আয়োজন করে। এই মেলার মাধ্যমে লালমনিরহাট জেলার দক্ষ ও অদক্ষ মিলিয়ে মোট এক হাজার তরুণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান এবং জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মেলায় চাকরিপ্রার্থী তরুণদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।


