বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) অবৈধ নিয়োগ ও পদন্নোতির ঘটনায় রিটকারী দুই কর্মকর্তার বদলির আদেশ স্থগিত করেছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি এএফএম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।
রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। তিনি জানান, রুলে বিটিআরসির মানব সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালকের সই করা গত ৩১ মার্চ এবং ২ এপ্রিলের বদলির আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
এ ছাড়া হাইকোর্ট আলাদা তারিখে বদলির আদেশের কার্যকারিতা আগামী দুই মাসের জন্য স্থগিত করেছে।
বিটিআরসি বিগত সরকারের আমলে নিয়োগ পাওয়া ২৯ জন জুনিয়র পরামর্শককে রাজস্ব খাতের বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম ও দুর্নীতি এবং ওই সব কর্মকর্তাদের তাড়াহুড়ো করে পদোন্নতি দেওয়ার প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে রিট করে। বাদী বিটিআরসির ছয়জন ডেপুটি ডাইরেক্টরের মধ্যে দুইজন সঞ্জিব কুমার সিংহ ও এসএম আফজাল রেজাকে অন্যায় ও বিধিবহির্ভূতভাবে ঢাকার বাইরে বদলির আদেশের কার্যকারিতা স্থগিত করেছে হাইকোর্ট ।
টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অডিট উইং এর যুগ্ম পরিচালক, বিটিআরসির চেয়ারম্যান ও প্রশাসন বিভাগের মহাপরিচালক, প্রশাসন বিভাগের পরিচালক ও মানবসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালককে রিটে বিবাদী করা হয়েছে।


