চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর শহরের হঠাৎ পাড়া নামক স্থানে রাস্তার মাঝখান থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাত ১০টার দিকে বস্তুটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার রাতে উপজেলার দর্শনা হঠাৎ পাড়া এলাকায় রাস্তার মাঝে লাল টেপ দিয়ে জড়ানো একটি বোমা সদৃশ বস্তু দেখতে পায় পথচারীরা। এরপর তারা দর্শনা থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তুটি উদ্ধার করে বালতির পানিতে ডুবিয়ে রাখে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হিমেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আতঙ্ক সৃষ্টি করার জন্য কে বা কারা রাস্তার ওপরে এটি ফেলে রেখেছে।


