রংপুরে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে ৪

রংপুরে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে ৪
হামের প্রকোপ। ফাইল ছবি
Advertisement
Advertisement

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশু মারা গেছে। এ নিয়ে এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট চার শিশু মারা গেল। এছাড়াও এই বিভাগে হাম শনাক্ত হয়েছে ৪৫ জনের।

মঙ্গলবার দুপুরে এই তথ্য জানান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হাম চিকিৎসা বিষয়ক বিশেষ কমিটির ফোকালপার্সন আনম তানভীর চৌধুরী।

তিনি বলেন, সোমবার বিকালে হামের উপসর্গ নিয়ে ভর্তি আরও এক শিশুর মৃত্যু হয়েছে। জুনাঈদ নামের শিশুটির বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলায়। গত ২৭ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এর আগে হাসপাতালে মৃত্যুবরণ করে লালমনিরহাটের হারহাটি গ্রামের রাকিব মিয়ার ছেলে হাসান (৯ মাস), কুড়িগ্রামের উলিপুরের সবুজ মিয়ার ছেলে জাকির (২২ মাস)। এই হাসপাতালে সর্বপ্রথম হামের উপসর্গ নিয়ে ১৮ এপ্রিল মারা যায় লালমনিরহাট সদরের রিয়াজুল ইসলামের ছেলে তানজিদ ইসলাম তামিম (৭ মাস)।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র জানিয়েছে, রংপুর বিভাগে ১ জানুয়ারি থেকে গত ৩০ মার্চ পর্যন্ত ১১৬ জনের পরীক্ষায় ৪৫ জনের হাম ও ৬ জনের রুবেলা শনাক্ত হয়েছে। এরমধ্যে রংপুরে ৫, কুড়িগ্রামে ১, নীলফামারীতে ৯, দিনাজপুরে ৪, গাইবান্ধায় ১, ঠাকুরগাঁও ৩, পঞ্চগড় ১, দিনাজপুর মেডিকেল ৩ ও রংপুর মেডিকেলে ১৮ জন।

এছাড়া সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রংপুর বিভাগের জেলা ও উপজেলা হাসপাতালগুলোর বহির্বিভাগ ও ওয়ার্ডে ভর্তি হয়েছে ২৬ জন। এনিয়ে এই বিভাগে এখন পর্যন্ত ভর্তি হয়েছে ৯৪৪ জন। এরমধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে ৮৮৫ জন আর হাসপাতালে ভর্তি আছে ৫৯ জন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর