কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফ থেকে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের পাঁচ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও এক লাখ পিস ইয়াবা জব্দ করেছে নৌবাহিনী। একই সঙ্গে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিও জব্দ করা হয়।
সোমবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকা থেকে মাদকদ্রব্য ও পিস্তল দুটি জব্দ করা হয়। এ ছাড়া আলাদা অভিযানে অস্ত্র ও মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামি নুরুল কবিরকে গ্রেপ্তার করা হয়েছে।
নৌবাহিনী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার ভোরে আলীখালী এলাকার একটি ইটভাটায় অভিযান চালানো হয়। ওই ইটভাটায় তল্লাশি চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ওই মাদক ও অস্ত্র জব্দ করা হয়।
নৌবাহিনী জানায়, জব্দ করা মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ এবং গ্রেপ্তার আসামির বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে মাদক এবং অস্ত্র চোরাচালান প্রতিরোধে অব্যাহতভাবে অভিযান চালিয়ে আসছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।


