আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৭২টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে।
দলের শীর্ষ নেতাদের মধ্যে সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনে, নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল খুলনা-৩ আসনে, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ঢাকা-৪ আসনে এবং মহাসচিব মাওলানা ইউনুস আহমদ খুলনা-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ ছাড়া সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান গাজীপুর-৫ আসনে, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম কুমিল্লা-২ আসনে, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ঢাকা-১১ আসনে, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান মুন্সিগঞ্জ-১ আসনে এবং মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম কুমিল্লা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বরিশাল-৪ আসনে সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের এবং ঢাকা-৯ আসনে সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকও মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে, নির্বাচনী জোট ও আসন সমঝোতা নিয়ে দলের সঙ্গে সংশ্লিষ্টদের আলোচনা এখনো চলমান রয়েছে।


