দেশে ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় সব শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, যেসব শিশু এখনও টিকার বাইরে রয়েছে, তাদের দ্রুত এর আওতায় আনা হবে। পাশাপাশি ডেঙ্গু, পোলিও ও হান্টাসহ বিভিন্ন সংক্রামক রোগ মোকাবিলাকে সরকারের বড় চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তিনি।
বুধবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। অনুষ্ঠানে চীনের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ৩ লাখ ৮৩ হাজার ৮০ ডোজ পোলিও টিকা অনুদান দেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লী সাওপেং ও সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের চিফ বিজনেস ডিরেক্টর লী নিং।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা নিয়ে দেশের এই সময়ে সিনোভ্যাক ফাউন্ডেশনের সহায়তার জন্য বাংলাদেশ চীনের কাছে কৃতজ্ঞ। অর্থনৈতিক বন্ধু হিসেবে চীন আবারও বাংলাদেশের পাশে থাকার প্রমাণ দিয়েছে।
তিনি বলেন, হামের টিকার ব্যবস্থা করা গেলেও সামনে ডেঙ্গু, পোলিও ও হান্টাসহ আরও অনেক রোগের ঝুঁকি রয়েছে। এসব মোকাবিলা করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তবে পোলিও ও যক্ষাসহ যেসব রোগের টিকার প্রয়োজন, সেগুলোর কোনো ঘাটতি নেই এবং টিকাদান কার্যক্রম চলমান রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, শিগগিরই ‘ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইন’ শুরু হবে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন ফিল্ড হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে হাসপাতালের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, সিনোভ্যাকের তৈরি ৭৬ হাজার ৬১৬ ভায়াল পোলিও টিকা ইতিমধ্যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সংরক্ষণাগারে পৌঁছেছে। সেখান থেকে চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন টিকাদান কেন্দ্রে সরবরাহ করা হবে।
সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের চিফ বিজনেস ডিরেক্টর লী নিং বলেন, বাংলাদেশের জাতীয় টিকাদান কর্মসূচিতে সহায়তা করতে পেরে তারা গর্বিত। তিনি আশা প্রকাশ করেন, এই টিকা ইপিআই কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং দেশের পোলিও নির্মূল কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, বাংলাদেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও জনস্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে ভবিষ্যতেও সিনোভ্যাক বাংলাদেশের পাশে থাকবে এবং দুই দেশের বন্ধুত্ব আরও জোরদারে কাজ করবে।


