সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
বুধবার এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আগামী ৮ নভেম্বর থেকে শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলবে অনলাইন আবেদন গ্রহণ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ধাপে ছয় বিভাগে মোট ১০ হাজার ২১৯টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। বিভাগগুলো হলো–রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর।
পরবর্তীতে দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, যেখানে শূন্যপদ রয়েছে ৪ হাজার ১৬৬টি।
এর আগে, চলতি বছরের ২৮ আগস্ট রাতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫’ প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর ৩১ আগস্ট আট সদস্যের কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি গঠন করা হয়।
কমিটির চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন অধিদপ্তরের (পলিসি ও অপারেশন) পরিচালক।
এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও সরকারি কর্ম কমিশনের প্রতিনিধিরাও এতে অন্তর্ভুক্ত।
পরে গত শনিবার প্রকাশিত সংশোধিত বিধিমালায় নতুন যুক্ত করা সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি কিছু শব্দগত সংশোধন আনা হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।


