পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। এর মধ্যে বগুড়া, সিলেট, বরিশাল, জামালপুর, ময়মনসিংহ ও খাগড়াছড়ি জেলার জন্য নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বগুড়ার পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে। খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদকে বগুড়ার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারকে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার করা হয়েছে।
ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে নোয়াখালীর পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) বদলি করা হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল হাসানকে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এপিবিএনে বদলি করা হয়েছে। জামালপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেককে সিলেট জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া ডিএমপির উপপুলিশ কমিশনার মোছা. ফারহানা ইয়াসমিনকে জামালপুর জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বরিশালের পুলিশ সুপার ফারজানা ইসলামকে নৌপুলিশে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এ জেড এম মোস্তাফিজুর রহমানকে বরিশাল জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


