ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিভিন্ন দল, জোট এবং স্বতন্ত্রভাবে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হওয়ার পর নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান।
রিটার্নিং কর্মকর্তা জানান, বিকাল চারটায় মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময় শেষ হয়। প্রাপ্ত আবেদনগুলোর মধ্যে বিএনপি ও তার জোট থেকে ৩৬টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোট থেকে ১৩টি মনোনয়নপত্র জমা পড়েছে।
এ ছাড়া স্বতন্ত্র জোট থেকে সুলতানা জেসমিন নামে একজন প্রার্থী আবেদন করেছেন। এর বাইরে শাম্মী আক্তার, মোছাম্মদ মেহরুন নেসা ও মাহবুবা রহমান নামে আরও তিন নারী কোনো দল বা জোটের সমর্থন ছাড়াই ব্যক্তিগতভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের আবেদনের বিষয়টি যাচাই-বাছাইয়ের পর বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২২ ও ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। এর মধ্যে ২২ এপ্রিল দুপুর ২টা থেকে বিকাল ৪টা এবং ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। বাছাইয়ে সংক্ষুব্ধ ব্যক্তিরা ২৬ এপ্রিল সকাল ৯টা থেকে বিকাল ৪টার মধ্যে নির্বাচন কমিশনের কাছে আপিল করতে পারবেন। কমিশন ২৭ ও ২৮ এপ্রিল সকাল ১১টা থেকে এসব আপিল নিষ্পত্তি করবে।
তফসিলের পরবর্তী ধাপগুলো সম্পর্কে রিটার্নিং কর্মকর্তা আরও জানান, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল এবং প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। সব প্রক্রিয়া শেষে আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


