ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণ মিশন পাঠানোর বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাত সদসের নির্বাচনী তথ্য অনুসন্ধানী দল।
সোমবার এই বৈঠক হবে বলে রোববার সাংবাদিকদের জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
এর আগে গত ১৯ আগস্ট ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ইসির সঙ্গে বৈঠক করেন।
আখতার আহমেদ বলেন, ‘ইইউ পর্যবেক্ষণ টিম মধ্য সেপ্টেম্বরে দেশে আসার কথা ছিল। সেই ধারাবাহিকতায় ইসির সঙ্গে বৈঠক করবে। তারা প্রি-ইলেকশন এনভায়রনমেন্ট অবজারভেশনের জন্য বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করবে। প্রতিনিধি দলের তিন জন বিদেশি ও চার জন স্থানীয় পর্যবেক্ষক থাকার কথা রয়েছে।’
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, সাত সদসের ইইউ প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দল নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহসহ ইসির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। জ্যেষ্ঠ নির্বাচন বিশেষজ্ঞ রিকার্ডো সেলেরি সাত সদস্যের ইইউ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
সোমবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত প্রথমে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন ইইউ প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দলের সদস্যরা। এরপরের এক ঘণ্টা নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহর সঙ্গে বৈঠক হবে।
ইইউ প্রাক নির্বাচনি তথ্য-অনুসন্ধানী দল মূলত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সরকারি ও বেসরকারি বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করছে বলে জানান ইসির কর্মকর্তারা। তাদের সুপারিশের ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত পদ্ধতি অনুযায়ী নির্বাচনের সময় বাংলাদেশে সম্ভাব্য পর্যবেক্ষণ মিশন পাঠানোর বিষয়টি বিবেচনা করবে ইইউ।


