বাংলাদেশের অর্থনীতি প্রথমবারের মতো ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের গণ্ডি অতিক্রম করেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার দাঁড়িয়েছে ৫০১ বিলিয়ন ডলারে।
বিবিএসের তথ্য অনুযায়ী, আগের অর্থবছরে দেশের অর্থনীতির আকার ছিল ৪৫৬ বিলিয়ন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে অর্থনীতির আকার বেড়েছে প্রায় ৪৫ বিলিয়ন ডলার।
চলতি অর্থবছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ, যা আগের অর্থবছরের ৩ দশমিক ৪৯ শতাংশের তুলনায় কিছুটা বেশি।
খাতভিত্তিক হিসাবে কৃষি ও সেবা খাত প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। চলতি অর্থবছরে কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৭৮ শতাংশ এবং সেবা খাতে ৪ দশমিক ৫৯ শতাংশ। অন্যদিকে শিল্প খাতের প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ২ দশমিক ৮৬ শতাংশ, যা আগের অর্থবছরে ছিল ৩ দশমিক ৭১ শতাংশ।
মাথাপিছু আয় ৩ হাজার ডলার ছাড়ালো:
অর্থনীতির আকার বৃদ্ধির পাশাপাশি মাথাপিছু আয়ও বেড়েছে। বিবিএসের হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে মাথাপিছু আয় বেড়ে ৩ হাজার ২০ মার্কিন ডলারে পৌঁছেছে। বর্তমান বিনিময় হার (প্রতি ডলার ১২২ টাকা ১৫ পয়সা) অনুযায়ী এর পরিমাণ প্রায় ৩ লাখ ৬৮ হাজার ৮৭৩ টাকা।
এর আগের অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৬৯ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে ২৫১ ডলার। ২০২৩-২৪ অর্থবছরে এই আয় ছিল ২ হাজার ৭৩৮ ডলার। ফলে টানা কয়েক বছর ধরে মাথাপিছু আয় বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে বলে বিবিএসের তথ্য থেকে জানা গেছে।


